মাদক ও অস্ত্র মামলায় বিচারের জন্য সাবেক আফগান এমপিকে কেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

মাদক ও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য কেনিয়া থেকে আফগানিস্তানের সাবেক একজন সংসদ সদস্যকে (এমপি) যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

নয়া দিগন্ত অনলাইন
আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য
আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য |সংগৃহীত

মাদক ও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য কেনিয়া থেকে আফগানিস্তানের সাবেক একজন সংসদ সদস্যকে (এমপি) যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, আবদুল জহির কাদিরকে গত বছরের এপ্রিলে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ‘বড় ধরনের আন্তর্জাতিক মাদক ও অস্ত্র ব্যবসার’ সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিচার বিভাগ জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে কাদির দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। তিনি একসময় আফগান সীমান্ত বাহিনীর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, ‘আফগানিস্তানের রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি ব্যবহার করলেও আবদুল জহির কাদির বিপজ্জনক ও আসক্তিকর মাদক এবং ভারী অস্ত্রের ব্যবসার সাথে যুক্ত একটি অপরাধী চক্র পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।’

মামলার অভিযোগপত্র অনুযায়ী, কাদির যুক্তরাষ্ট্রে শত শত কেজি হেরোইন ও মেথামফেটামিন পাচারের বিষয়ে এক ব্যক্তির সাথে আলোচনা করেছিলেন। ওই ব্যক্তি আসলে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর হয়ে কাজ করা একজন গোপন সহযোগী ছিলেন।

অভিযোগে আরো বলা হয়, কাদির শত শত ভারী মেশিনগান, অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড লঞ্চার, পিস্তল ও গ্রেনেড বিক্রির জন্য আলোচনাও করেছিলেন।

মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, ‘বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা করতে গিয়ে কাদির একটি পরীক্ষামূলক চালান হিসেবে দুই কেজি মাদক বিক্রি করেছিলেন, যা দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়া হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘কাদির জানতেন না যে ওই ক্রেতা আসলে ডিইএর সাথে কাজ করা একজন ব্যক্তি ছিলেন।’

মাদক ও আগ্নেয়াস্ত্র আমদানির ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে কাদিরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র: বাসস