চীনের কম্পিউটার চিপ শিল্পে বড় ধরনের অগ্রগতির খবরের পর যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারের দর কমে গেছে এবং এর প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। মঙ্গলবার দিনের শুরুতে জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে।
জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ সূচক ৩ দশমিক ৯৭ শতাংশ কমে ৬২ হাজার ৩৫১ দশমিক ৭৩ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ২৪৬ দশমিক ৫৩ পয়েন্টে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যায়। একইভাবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারও প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে।
ওয়েবসাইট দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং ইমারশন ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরি করছে।
এই প্রযুক্তি উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনের চিপ উৎপাদন সক্ষমতা বাড়ার সম্ভাবনার খবরেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র : বাসস



