ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকায় মার্কিন আইনপ্রণেতাদের ক্ষোভ

ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের অনেকেই কড়া সমালোচনা করছেন। তাদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বারবার একই চক্রের মধ্যে আটকে পড়ছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্যাপিটল হিল
ক্যাপিটল হিল |সংগৃহীত

ইরান যুদ্ধ সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি অ্যালান ফিশারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

আল জাজিরা সোমবারের (৩ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে একাধিক ফোনালাপের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, যার মধ্যে দেশটির যুবরাজও যুক্ত ছিলেন। ফোনালাপে তারা ইঙ্গিত দেন যে, এখানে যুক্তরাষ্ট্রের বর্তমান রণকৌশল নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা দরকার। আর সৌদিদের সাথে এই আলোচনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প হামলা বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশাল'-এ দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তারা নাকি শেষ পর্যন্ত একটি 'চুক্তির রূপরেখা' অর্জন করতে পেরেছেন।

তবে এই 'চুক্তির রূপরেখা' বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে নিশ্চিত নয় কেউই। কারণ গত পাঁচ মাসে ডোনাল্ড ট্রাম্প আরো কয়েকবার বলে এসেছেন—একটি চুক্তি নাকি একদম কাছাকাছি পর্যায়ে রয়েছে এবং তা আলোচনার টেবিলেই আছে।

ট্রাম্পের এমন ভূমিকা নিয়ে ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের অনেকেই কড়া সমালোচনা করছেন। তাদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বারবার একই চক্রের মধ্যে আটকে পড়ছে। তারা শুধু হুমকি দিচ্ছে, আবার শেষ মুহূর্তে পিছু হটছে। আর এই উপায়ে সমস্যার সমাধান যে কোনোভাবেই সম্ভব নয়, তা পরিষ্কার করে দিয়েছেন মার্কিন রাজনীতিকরা।