ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এই দুর্যোগের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবার সহায়তা পেয়েছে। এখন পর্যন্ত ছয় হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে, ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন ধসে পড়েছে।
রদ্রিগেজ জানান, কর্তৃপক্ষ নয় হাজার ৬০৩ টন খাদ্য এবং ৮৩ দশমিক ২ লাখ লিটারের বেশি পানি বিতরণ করেছে। এখন পর্যন্ত ২৫ হাজার ৯৭০ রোগী চিকিৎসাসেবা পেয়েছেন।
তিনি বলেন, ত্রাণ কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ কর্মী এবং ২৮ হাজার ৩৬২ স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হয়েছে, এদের মধ্যে চার হাজার ৩৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী সহায়তা করছেন।
বাস্তুচ্যুত বাসিন্দাদের জন্য মোট ৮৭টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে এবং কর্তৃপক্ষ প্রাথমিক ভূমিকম্পগুলোর পর থেকে এক হাজার ৭৬টি আফটারশক রেকর্ড করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্প আঘাত হানে।
এই ভূমিকম্পগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। এতে জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



