ইরান যুদ্ধ শেষ, দাবি ট্রাম্প প্রশাসনের

গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কারণে ইরান যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির কারণে ইরান যুদ্ধ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসন বলেছে যে, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটেছে, ফলে হোয়াইট হাউসকে কংগ্রেসের অনুমোদন নেয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মার্কিন সিনেটে শুনানির সময় একই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি কার্যকরভাবে যুদ্ধকে থামিয়ে দিয়েছে। এই যুক্তি অনুসারে, ১৯৭৩ সালের একটি আইন অনুযায়ী ৬০ দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের যে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল, তা আর দরকার নেই।

নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওই আইনের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সঙ্ঘাত শেষ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের মধ্যে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সমুদ্রে যেতে বাধা দেয়ার জন্য অবরোধ অব্যাহত রেখেছে।

সূত্র: এপি