মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে এক ডজনেরও বেশি দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে তার বাণিজ্য যুদ্ধ পুনরায় উসকে দিয়েছেন। তবে পরে তিনি জানিয়েছেন, আগস্টের সময়সীমা পুরোপুরি চূড়ান্ত নয়। এখনো আলোচনার সুযোগ রয়েছে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বাণিজ্য অংশীদারদের চিঠি পাঠিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, এপ্রিল মাসে স্থগিত করা শুল্ক তিন সপ্তাহের মধ্যে আরো কড়া হারে পুনরায় কার্যকর হবে।
তিনি লিখেছেন, টোকিও ও সিউলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং মালয়েশিয়াসহ দেশগুলোতে ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
তবে এবারো শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সাথে দর-কষাকষির সুযোগ রাখলেন ৭৯ বছর বয়সী এই নেতা। তবে এরই মধ্যে তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক নৈশভোজে আগামী ১ আগস্টের সময়সীমা নিশ্চিত কি-না জানতে চাওয়া হলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি দৃঢ় বা নিশ্চিতভাবেই বলব, কিন্তু ১০০ শতাংশ অনড় নই।’
চিঠিগুলো তার চূড়ান্ত প্রস্তাব কি-না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি চূড়ান্তই বলব কিন্তু যদি তারা ভিন্ন প্রস্তাব নিয়ে আসে এবং আমি সেটি পছন্দ করি, তাহলে আমরা সেটা করব।’
মার্কিন প্রেসিডেন্ট চলতি বছরের ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ নামে পরিচিত একটি অনুষ্ঠানে আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপ ঘোষণা করেছিলেন, যার মধ্যে সব দেশের ওপর বেসলাইন ১০ শতাংশ শুল্ক আরোপ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বাজারে অস্থিরতার পর তিনি দ্রুত ৯০ দিনের জন্য ১০ শতাংশের ওপরে সব শুল্ক স্থগিত করে দেন।
সূত্র : বাসস



