যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি দোকানে শনিবার ছুরিকাঘাতের ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
ট্র্যাভার্স সিটিতে ছুরিকাঘাতের ঘটনার পর ১১ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়ার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছে মানসন মেডিক্যাল সেন্টার।
মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ ট্রাভার্স সিটিতে অবস্থিত ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।
লেক মিশিগান এবং আরো কয়েকটি বড় হ্রদের কাছাকাছি অবস্থানের কারণে ট্রাভার্স সিটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
সূত্র : এএফপি



