মার্কিন যুদ্ধবিমানের অবৈধ অনুপ্রবেশের নিন্দা ভেনিজুয়েলার

যুদ্ধবিমানগুলো তাদের উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান
মার্কিন বিমান বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান |সংগৃহীত

ভেনিজুয়েলার সরকার বৃহস্পতিবার (২ অক্টোবর) মার্কিন যুদ্ধবিমানের ‘অবৈধ অনুপ্রবেশের’ কড়া নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, ভেনিজুয়েলার আকাশসীমায় ঢুকে যুক্তরাষ্ট্র ‘উসকানিমূলক তৎপরতা’ চালাচ্ছে, যা তাদের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।

ভেনিজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমানগুলো তাদের উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত করা হয়েছে। তবে সেগুলো দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছিল কি-না, তা উল্লেখ করা হয়নি।

এর আগে, প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেন, পাঁচটি মার্কিন যুদ্ধবিমান ভেনিজুয়েলার উপকূলের কাছে আসার ‘দুঃসাহস’ দেখিয়েছে। সেগুলো দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাজধানী কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নজরদারি রাডারে শনাক্ত করা হয়েছে।

পরে এক যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনে। সেখানে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড ক্যারিবীয় সাগরে বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি তৈরি করবে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মোতায়েনের অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠান। এছাড়াও আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিনও মোতায়েন করা হয়।

যদিও ওয়াশিংটনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে ঘোষিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প গোপন পরিকল্পনার মাধ্যমে তার সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি মার্কিন বাহিনী মাদক পাচারকারীদের সন্দেহভাজন চারটি নৌকা ধ্বংস করেছে। এতে আন্তর্জাতিক পানিসীমায় হামলায় ১৪ জন নিহত হয়েছে।

তবে, মানবাধিকার সংস্থার পাশাপাশি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সদস্য এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র : বাসস