যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

স্টকটনে শনিবার রাতে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আরো ১০ জন।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনে শনিবার (২৯ নভেম্বর) রাতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি ‘পূর্ব পরিকল্পিত’ হামলা।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, আনুমানিক ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন্দুক হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শেরিফের অফিস জানিয়েছে, গোয়েন্দারা এই হামলার কারণ নির্ধারণের জন্য কাজ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা। তদন্তকারীরা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, ‘আমরা তথ্য, ভিডিও ফুটেজ রয়েছে অথবা এই ঘটনার সময় উপস্থিত ছিলেন, এমন ব্যক্তিদের অবিলম্বে সান জোয়াকুইন কাউন্টি শেরিফের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’

সূত্র : এএফপি