পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩৭

বাসটি মঙ্গলবার রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল।

নয়া দিগন্ত অনলাইন
বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়
বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় |সংগৃহীত

পেরুর দক্ষিণাঞ্চলে বুধবার (১২ নভেম্বর) একটি পিকআপ ট্রাকের সাথে ডাবল ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

পেরুকে চিলির সাথে সংযুক্তকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ভোরের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো বলেছেন, ‘আমাদের কাছে ৩৭ জন নিহতের হওয়ার তথ্য রয়েছে। এছাড়াও ২৪ জন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কিছু মানুষ গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

লামোসাস কোম্পানি পরিচালিত ডাবল-ডেকার বাসটি মঙ্গলবার রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল। এতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দমকলকর্মীরা জানান, বাঁক নেয়ার সময় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দমকল বিভাগের মুখপাত্র জ্যাক পায়েজ বলেন, পাহাড়ি ভূখণ্ড হওয়ায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

সূত্র : এএফপি