আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ভেনিজুয়েলার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (২৪ জুলাই) এ ঘোষণা দেন।

নয়া দিগন্ত অনলাইন
আন্তর্জাতিক অপরাধ আদালতের লোগো
আন্তর্জাতিক অপরাধ আদালতের লোগো |সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (২৪ জুলাই) এ ঘোষণা দেন।

ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আইসিসির চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্তের ঘোষণা এলো।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের ‘দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের’ কথা জাতিসঙ্ঘকে জানিয়েছে কারাকাস।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

প্লাসেন্সিয়া বলেন, ‘ভেনিজুয়েলা মনে করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কাজ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর ওপর অসমভাবে বেশি কেন্দ্রীভূত হয়েছে।’

তবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি বলেছে, ভেনিজুয়েলার প্রত্যাহারের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নোটিস পায়নি।

আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধের দায়মুক্তি বন্ধে সম্মিলিত প্রচেষ্টা থেকে সরে যাওয়ার যেকোনো সিদ্ধান্তে আমরা দুঃখ প্রকাশ করছি।’

আদালত জানায়, আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার কার্যকর হতে এক বছর সময় লাগে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রত্যাহারের পরও ‘সদস্য রাষ্ট্র থাকা অবস্থায় যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে, তা বহাল থাকবে’।

আইসিসি বলেছে, ‘প্রত্যাহারের ফলে এর আগে শুরু হওয়া কোনো অপরাধ তদন্ত বা বিচারপ্রক্রিয়ার সাথে সম্পর্কিত বিদ্যমান সহযোগিতার বাধ্যবাধকতার ওপর কোনো প্রভাব পড়বে না।’

২০১৪ সাল থেকে ভেনিজুয়েলায় বিক্ষোভ দমনের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে বর্তমানে আইসিসি তদন্ত চালাচ্ছে।

২০২৫ সালের ডিসেম্বরে ভেনিজুয়েলার পার্লামেন্ট আইসিসির প্রতিষ্ঠার মূল দলিল ‘রোম স্ট্যাটিউট’ বাতিলের উদ্যোগ নেয়। এর আগে ভেনিজুয়েলার সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ার কথা জানিয়ে আদালত কারাকাস কার্যালয় বন্ধ করে দেয়।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ভেনিজুয়েলার করা অভিযোগও আইসিসি খারিজ করে দেয়।

প্লাসেন্সিয়ার এই ঘোষণা আসে আইসিসির সদস্য দেশগুলো শুক্রবার শীর্ষ কৌঁসুলি করিম খানকে যৌন নিপীড়নের অভিযোগের কারণে পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তার আইনজীবীরা শুক্রবার বলেন, অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল বা আইনি পদক্ষেপ নেবেন।

২০২৪ সালে ৫৬ বছর বয়সী ব্রিটিশ নাগরিক করিম খান গাজা উপত্যকায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলেন।

২০২৫ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র আইসিসি ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানায়।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসে এই আইসিসি আদালত। যুক্তরাষ্ট্র ও ইসরাইল- কোনো দেশই এর সদস্য নয়।

সূত্র: বাসস