যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখতে চীনের সাথে ট্রাম্প প্রশাসনের চুক্তি

এর আগে, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্তরাষ্ট্রের তাদের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিতে বলা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার জন্য চীনের সাথে একটি চুক্তি হয়েছে। যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘টিকটকের বিষয়ে আমাদের চীনের সাথে একটি চুক্তি হয়েছে। বিষয়টি চূড়ান্ত করার জন্য আমি শুক্রবার প্রেসিডেন্ট শি’র সাথে কথা বলব।’

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্তরাষ্ট্রের তাদের কার্যক্রম বিক্রি করতে বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি নিতে বলা হয়েছিল। তবে, জানুয়ারিতে প্রথম ঘোষণা দেয়ার পরও ট্রাম্প কয়েক দফা নিষেধাজ্ঞা পিছিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার, তিনি আবারো ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শীঘ্রই একজন ক্রেতার নাম ঘোষণা করা হবে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনার অংশ হিসেবে টিকটকের যুক্তরাষ্ট্র শাখার মালিকানা যাবে একটি বিনিয়োগকারী কনসোর্টিয়ামের হাতে। এতে প্রযুক্তি কোম্পানি ওরাকল, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেক ও ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আন্দ্রেসেন হরোভিৎজ অংশ নেবে।

বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জার্নাল জানিয়েছে, চুক্তির অধীনে নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠিত হবে। এতে প্রায় ৮০ শতাংশ অংশীদারিত্ব থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। বোর্ডেও প্রাধান্য থাকবে মার্কিনীদের। সেখানে একজন সদস্য মনোনীত করবে মার্কিন সরকার।

এদিকে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য একটি নতুন অ্যাপ চালু করা হবে। এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অ্যাপটিতে বাইটড্যান্স থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি ব্যবহার করে কনটেন্ট-রেকমেন্ডেশন অ্যালগরিদম ব্যবহার করা হবে। টিকটকের সাফল্যের মূল কারণই হচ্ছে অ্যাপটির অ্যালগরিদম।

এর আগে, সিএনবিসি জানিয়েছে, চুক্তিতে বর্তমান ও নতুন বিনিয়োগকারীদের মিশ্রণ থাকবে এবং আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে এটি সম্পন্ন হবে। ওরাকল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে টিকটক সার্ভার হোস্ট করার জন্য তার বিদ্যমান চুক্তি বহাল রাখবে। মার্কিন আইনপ্রণেতাদের প্রধান উদ্বেগ ছিল চীনের সাথে তথ্য ভাগাভাগি হওয়ার আশঙ্কা।

অন্যদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল সোমবার জানিয়েছে, মাদ্রিদে বিস্তৃত বাণিজ্য আলোচনার মধ্যে তারা চীনের সাথে একটি ‘কাঠামোগত’ চুক্তিতে পৌঁছেছে। তবে চীন কাঠামোগত চুক্তি নিশ্চিত করলেও জানিয়েছে, তাদের সংস্থাগুলোর স্বার্থের বিনিময়ে কোনো চুক্তি করা হবে না।

আলোচনার পর চীনের সাইবারস্পেস প্রশাসনের উপপ্রধান ওয়াং জিংতাও এক সংবাদ সম্মেলনে জানান, চুক্তিতে ‘অ্যালগরিদম ও মেধাস্বত্ব ব্যবহারের অনুমতি’ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরো বলেন, চীন সরকার আইন অনুসারে, টিকটকের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করবে ও অনুমোদন দেবে।