ট্রাম্পের মাদকবিরোধী জোটে যোগ দিচ্ছে পেরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগে যোগ দেয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে পেরু। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পেরুর পতাকা
পেরুর পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী জোট ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগে যোগ দেয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে পেরু। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

রক্ষণশীল প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি দায়িত্ব নেয়ার কয়েক দিন পরই এ ঘোষণা এলো।

ট্রাম্পের এই মাদক চক্রবিরোধী জোটে লাতিন আমেরিকার যুক্তরাষ্ট্রপন্থি কয়েকটি দেশের সরকার রয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদর উল্লেখযোগ্য।

জোটভুক্ত দেশগুলো আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় করে থাকে।

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে কেইকো ফুজিমোরি নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করেন। মঙ্গলবার দায়িত্ব নেয়ার আগেই তিনি এই জোটে যোগ দেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।

শুক্রবার লিমায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস এসপা বলেন, ‘আমরা ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এ আমাদের অন্তর্ভুক্তির মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তা অব্যাহত রাখব।’

তিনি আরো বলেন, ‘কৌশলগত অংশীদার, মিত্র ও বন্ধু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চমৎকার সম্পর্ক আরো গভীর করব।’

যুক্তরাষ্ট্রের পেরু দূতাবাসে আগে কাজ করা এসপা বলেন, অপরাধ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতা আরো জোরদার করার পরিকল্পনাও রয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ পেরুতে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র সক্রিয় রয়েছে।

সূত্র: বাসস