নিজের বেতন বাড়িয়ে দ্বিগুণ করলেন পেরুর প্রেসিডেন্ট

পেরুতে ন্যূনতম মাসিক মজুরি এক হাজার ২৫ সোল বা ২৮৮ ডলার, যার থেকে প্রেসিডেন্টের নতুন বেতন ৩৫ গুণ বেশি।

নয়া দিগন্ত অনলাইন
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে
পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে |সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে অজনপ্রিয় হওয়া সত্ত্বেও এক ডিক্রি জারির মাধ্যমে নিজের বেতন বাড়িয়ে দ্বিগুণ করে নিয়েছেন। তিনি এখন থেকে প্রতি মাসে ৩৫ হাজার ৫০০ সোল (১০ হাজার মার্কিন ডলার) বেতন পাবেন।

পেরুর অর্থনীতিমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্টের বেতন এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি করা হয়েছে।

তবে তার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। বলুয়ার্তের জনসমর্থন মাত্র ২ শতাংশ, যা পেরুর ইতিহাসে সবচেয়ে কম। দেশটিতে ন্যূনতম মাসিক মজুরি এক হাজার ২৫ সোল বা ২৮৮ ডলার, যার থেকে প্রেসিডেন্টের নতুন বেতন ৩৫ গুণ বেশি।

দিনা বলুয়ার্তে নির্বাচিত হয়ে পেরুর প্রেসিডেন্ট হননি। বরং ২০২২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো অভিশংসনের মাধ্যমে অপসারিত হলে, সে সময়ের ভাইস-প্রেসিডেন্ট বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করেন।

তার শাসনামলে সামনে এসেছে একাধিক বিতর্ক, এর মধ্যে রয়েছে দামি উপহার গোপন রাখা, নাকের অস্ত্রোপচারের সময় দেশে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাউকে নিযুক্ত না করেই বিদেশে যাওয়ার মতো বিষয়। দেশে অপরাধ বৃদ্ধির বিরুদ্ধে কিছু করতে না পারার অভিযোগে তার জনপ্রিয়তাও ক্রমাগত কমছে। তবে এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

সূত্র : বিবিসি