ফোর্ডের ব্যবসায়িক চুক্তি নিয়ে চীনের সাথে মার্কিন পরিবহনমন্ত্রীর বিরোধ

চীনা প্রযুক্তির ওপর নির্ভরতার অভিযোগ তুলে ফোর্ড মোটর কোম্পানির সমালোচনা করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই অভিযোগকে ‘ভুল ধারণার ওপর ভিত্তি করে করা’ বলে প্রত্যাখ্যান করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফোর্ড মোটর কোম্পানি
ফোর্ড মোটর কোম্পানি |সংগৃহীত

চীনা প্রযুক্তির ওপর নির্ভরতার অভিযোগ তুলে ফোর্ড মোটর কোম্পানির সমালোচনা করেছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। তবে ডেট্রয়েটভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই অভিযোগকে ‘ভুল ধারণার ওপর ভিত্তি করে করা’ বলে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফার্লিকে লেখা এক চিঠিতে ডাফি বলেন, কোম্পানিটির ‘সাম্প্রতিক কৌশলগত সিদ্ধান্তগুলো একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরছে’।

তার ভাষ্য অনুযায়ী, একটি ঐতিহ্যবাহী মার্কিন ব্র্যান্ড তার ভবিষ্যৎকে চীনা সরকারের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠানের সাথে ক্রমেই জড়িয়ে ফেলছে।

ডাফি বলেন, মিশিগানের মার্শালে ফোর্ডের ‘ব্লুওভাল ব্যাটারি পার্ক’ কারখানায় চীনা ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএলের প্রযুক্তি ব্যবহারে পরিবহন মন্ত্রণালয় ‘উদ্বিগ্ন’।

তার মতে, চীনা প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার নীতির মূল উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলছে।

চীনা কোম্পানিগুলোর সাথে ফোর্ডের অন্যান্য সহযোগিতারও সমালোচনা করেন ডাফি। এর মধ্যে স্পেনে চীনের গিলি কোম্পানির সাথে ফোর্ডের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া চীন থেকে লিংকন ব্র্যান্ডের গাড়ি উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েও ফোর্ডের সমালোচনা করেন ডাফি।

তবে ফোর্ড বলেছে, ডাফির চিঠিতে ‘তথ্যগত ভুল’ রয়েছে এবং কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা দেয়া হয়েছে।

কোম্পানিটি ডাফির চিঠিকে ‘শিরোনাম পাওয়ার জন্য ভুল ধারণার ওপর ভিত্তি করে নেয়া একটি প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছে।

ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তারা সম্প্রতি ফোর্ডের সরবরাহব্যবস্থা নিয়ে যে ইতিবাচক মন্তব্য করেছেন, সেগুলোও তুলে ধরেছে কোম্পানিটি।

ফোর্ড আগস্টে ফক্স বিজনেসকে দেয়া বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মন্তব্যও উল্লেখ করেছে।

লুটনিক তখন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রশংসা করে বলেছিলেন, ‘ফোর্ড যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে এনে আমাদের চমকে দেবে।’

সূত্র : বাসস