বেঁধে রাখা হয়েছে চোখ

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

ওই ছবিতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ট্রুথ স্যোশাল প্লাটফর্মে নিকোলাস মাদুরোর ছবি শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ট্রুথ স্যোশাল প্লাটফর্মে নিকোলাস মাদুরোর ছবি শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প |বিবিসি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এরই মধ্যে আটক নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময় শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর ট্রুথ স্যোশাল প্লাটফর্মে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‌‘ইউএসএস ইয়ু জিমা নিকোলাস মাদুরো।’

ওই ছবিতে দেখা যাচ্ছে নিকোলাস মাদুরোর চোখ কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্রাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন।

ইউএসএস ইয়ু জিমা এমকি মার্কিন যুদ্ধজাহাজ। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এই জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের পুরো প্রক্রিয়া তিনি ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টের একটি কক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

সেখানে তার সাথে ছিলেন শীর্ষ সামরিক জেনারেলরা। ট্রাম্পের ভাষায়, এটি ছিল একটি ‘জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ’ অভিযান। তিনি আরো বলেন, অভিযানের এক সপ্তাহ আগে মাদুরোর সাথে তার কথা হয়েছিল। বিবিসি