ভেনিজুয়েলায় রাজনৈতিক বন্দীদের পরিবারের বিক্ষোভ, প্রেসিডেন্টের দফতরে চিঠি

ভেনিজুয়েলায় রাজনৈতিক বন্দীদের পরিবারের সদস্যরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছেন। এ সময় তারা সরাসরি প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে একটি চিঠি হস্তান্তর করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলার পতাকা নিয়ে বিক্ষোভ করছেন রাজনৈতিক বন্দীদের পরিবারের সদস্যরা
ভেনিজুয়েলার পতাকা নিয়ে বিক্ষোভ করছেন রাজনৈতিক বন্দীদের পরিবারের সদস্যরা |সংগৃহীত

ভেনিজুয়েলায় রাজনৈতিক বন্দীদের পরিবারের সদস্যরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানী কারাকাসের কেন্দ্রস্থলে বিক্ষোভ করেছেন। এ সময় বিরল এক পদক্ষেপ হিসেবে তারা সরাসরি প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে একটি চিঠি হস্তান্তর করেছেন।

দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন চাভিসমো রাজনৈতিক দল রাজধানীর কেন্দ্রস্থলে, বিশেষ করে প্রেসিডেন্টের কার্যালয়ের আশপাশে, বিক্ষোভের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে।

তবে শুক্রবার প্রায় ১০০ বিক্ষোভকারী মিরাফ্লোরেস প্রাসাদ পর্যন্ত মিছিল নিয়ে যেতে সক্ষম হন। তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে আরো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার দাবি জানান।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ডেলসি, আপনি যদি আলোচনা করতে চান, তাহলে বন্দীদের মুক্তি দিয়ে শুরু করুন!’

মিছিলটি প্রাসাদের কাছে একটি পুলিশ ব্যারিকেড পর্যন্ত পৌঁছালে নিরাপত্তা বাহিনী তাদেরকে আটকে দেয়। পরে বিক্ষোভকারীদের দু’জন প্রতিনিধিকে প্রেসিডেন্টের প্রাসাদের একটি প্রতিনিধি দল গ্রহণ করে এবং তাদের চিঠিটি নেয়।

তবে ডেলসি রদ্রিগেজ নিজে বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন না। তিনি সরকারি সফরে প্রতিবেশী দেশ সুরিনামে অবস্থান করছিলেন।

রাজনৈতিক বন্দী হিসেবে ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির বোন মার্গারেথ বাদুয়েল বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে একটি লিখিত আবেদন পৌঁছে দেয়া।

তিনি আরো বলেন, ‘কারণ তিনি রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেই ঘোষণাগুলোর সবগুলো বাস্তবায়ন হয়নি।’

মার্গারেথের বাবা রাউল ইসাইয়াস বাদুয়েল ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ‘হুগো চাভেজের’ আমলে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনি ২০২১ সালে কারাগারেই মারা যান।

গত মাসে ক্ষমতাসীন দলের সাথে বিরোধী রাজনৈতিক নেতাদের আলোচনার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্টের দফতর ১৩১ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়।

তবে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এখন পর্যন্ত প্রায় ৮০ জনের মুক্তির বিষয়টিকে নিশ্চিত করতে পেরেছে।

তাদের হিসাব অনুযায়ী, আরো ৩০০ জনের বেশি রাজনৈতিক বন্দী এখনো আটক রয়েছেন।

শুক্রবারের এই বিক্ষোভ এমন এক সময়ে হলো, যখন অন্তর্বর্তী সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মাদুরো-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস