ইরানের রাজধানী তেহরানসহ আরো কয়েকটি কৌশলগত স্থানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, হামলার বিষয়টি নিয়ে আগে থেকেই জানতেন তিনি। তার মতে, এখনো ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার সুযোগ রয়েছে।
শুক্রবার (১৩ জুন) মার্কিন প্রেসিডেন্ট রয়টার্সকে টেলিফোনে বলেছেন, ‘আমরা আগে থেকেই সব জানতাম এবং আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছি ইরানকে রক্ষা করার জন্য, কারণ আমি মনেপ্রাণে চাইছিলাম যেন আমরা একটা সমঝোতায় আসতে পারি।’
তিনি আরো বলেন, ‘তারা এখনো একটি চুক্তিতে পৌঁছাতে পারে, এখনো খুব বেশি দেরি হয়নি।
ইসরাইলের পাশে যুক্তরাষ্ট্র থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ইসরাইলকে সমর্থন করেন। তবে এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কি-না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ট্রাম্প আরো বলেন, ‘আমরা ইসরাইলের খুব ঘনিষ্ঠ। আমরা তাদের সবচেয়ে বড় মিত্র। দেখা যাক, কী হয়।’
এদিকে গতকাল দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরাইলে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরাইলের বিমানবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন। আহত হয়েছেন আরো প্রায় ৩০০ জন। এছাড়াও ইসরাইলের হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।



