উত্তর-পূর্ব ব্রাজিলে টানা দুই দিনের প্রবল বৃষ্টিতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
শনিবার (২ মে) দেশটির পেরনাম্বুকো ও পারাইবা রাজ্যে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পেরনাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফেতে বন্যা ও ভূমিধসের খবর পাওয়া গেছে। শহরটিতে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিকটবর্তী ওলিন্দায় আরো দু’জন নিহত হয়েছেন। এ দুর্যোগে প্রায় এক হাজার ৫০০ জন বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে, পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়া ও ক্যাম্পিনা গ্রান্দে শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এক হাজার ৫০০ জন বাস্তুচ্যুত হয়েছেন।
ব্রাজিলের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বৃষ্টির সময় তারা ২২টি জরুরি সতর্কতা জারি করেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে যে, শনিবার বৃষ্টির তীব্রতা কমেছে। তবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন যে, তিনি সহায়তা প্রদানের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।
তিনি বলেন, ‘সরকার সব প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।’
গত ফেব্রুয়ারিতে মিনাস জেরাইস রাজ্যে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৪ জন নিহত হন। ২০২৪ সালে রিও গ্রান্দে দো সুল রাজ্যে বন্যায় কমপক্ষে ১৮৩ জন নিহত হয়েছেন।
এছাড়া ২০২২ সালে দক্ষিণ-পূর্ব ব্রাজিলের পেত্রোপোলিস শহরে বন্যায় ২৩৩ জন নিহত হন। এর তিন মাস পর রেসিফিতে প্রবল বৃষ্টিতে নিহত হন কমপক্ষে ১৩০ জন।
সূত্র: আল জাজিরা



