যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার শিশুসহ কমপক্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৫ জুলাই) নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বরাতে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক পুলিশ এবিসি নিউজকে দেয়া এক বিবৃতিতে জানায়, রাত ১০টা ৩৭ মিনিটে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আহতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং ১৪, ১২, ৭ ও ৬ বছর বয়সী চার শিশু রয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক হলেও সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এবিসি নিউজ জানায়, পুলিশ জানিয়েছে যে তারা ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
সূত্র: রয়টার্স


