ইরাক ও ইরানের মতো দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপ করা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাগদাদ ও ইরানে মার্কিন বাহিনীর প্রবেশ করা একদমই উচিত হয়নি।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা স্বীকার করেছেন।
আল জাজিরা এ খবর জানিয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি মার্কিন বাহিনী বি-টু বোমারু বিমান দিয়ে হামলা না চালাত, তবে এতদিনে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। আর সেটা হলে আজ ইসরাইল কিংবা গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেত।
তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ইরাকে আমরা যা করেছি, তা ছিল চরম বোকামি। সেখানে আমাদের যাওয়াই ভুল ছিল। ঠিক একইভাবে ইরানে প্রবেশ করাও আমাদের উচিত হয়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তারা ইচ্ছা করেই ইরানের মূল সামরিক বাহিনীকে বড় কোনো ক্ষয়ক্ষতির মুখে ফেলেননি।
ট্রাম্পের ভাষায়, আমরা তাদের সামরিক বাহিনীকে খুব একটা ঘাঁটাইনি, কারণ আমাদের মনে হয়েছে তারা কিছুটা মধ্যমপন্থী। তবে যারা মধ্যমপন্থী ছিল না, আমরা কেবল তাদেরই সরিয়ে দিয়েছি।
যুদ্ধ মানেই যে সব ধুয়েমুছে সাফ করে দেয়া নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, অনেকে হয়তো এটা শুনে অবাক হবেন, কিন্তু অতীতে যুদ্ধে সবাইকে একসাথে ধ্বংস করে দেয়ার মতো ভুল অনেক হয়েছে। যার খেসারত হিসেবে একটা দেশ দীর্ঘ ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না। আমরা সেই ভুল আর করতে চাইনি।



