মাঝ আকাশে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় মেডে ঘোষণা করেছেন পাইলট। এ সময় ফ্লাইটটিতে ২১৯ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। সোমবার (৪ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে জার্মানির মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ‘মেডে’ ঘোষণা করে। পরে ফ্লাইটটি দ্রুত ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এ সময় ফ্লাইটটিতে ২১৯ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন।
ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বোয়িং ৭৮৭ মডেলের ফ্লাইট ১০৮, ২৫ জুলাই মিউনিখের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রার কিছুক্ষণ পরই পাইলট জানান, বিমানের বাম দিকের ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। তিনি জরুরি অবস্থা ঘোষণা করছেন।
ইউটিউব চ্যানেলে প্রকাশিত ককপিট ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের অডিও অনুসারে, পাইলট বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণা করছি, মেডে, মেডে, মেডে।’ এর পর বিমানটি নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
রেকর্ডিং থেকে জানা যায়, বিমানের ওজন অবতরণের জন্য নিরাপদ পর্যায়ে আনতে মাঝ আকাশে কিছু জ্বালানি ফেলে দেয়া হয়। পুরো সময়জুড়ে পাইলট এবং বিমান ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তারা অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি সামাল দেন এবং অবতরণের প্রস্তুতি গ্রহণ করেন।
টাওয়ার রেকর্ড অনুসারে, ফ্লাইট ১০৮-এর নিরাপদ অবতরণের জন্য আশেপাশের সব বিমান চলাচল পরিষ্কার করে দেয়া হয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটকে বলা হয়, ‘আপনার বিবেচনার ভিত্তিতে গতি বাড়ান। আপনার পেছনে কেউ নেই, সামনে কেউ নেই, স্যার।’
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
সূত্র : এনবিসি



