ভেনিজুয়েলায় মার্কিন সৈন্য মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমাদের কেবল ভেনিজুয়েলার বিষয়টি সামাল দিতে হবে। তারা কারাগার থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ক্যারিবীয় অঞ্চলে চলমান সংকট নিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত বলে সোমবার (১৭ নভেম্বর) জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভেনিজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি মার্কিন সেনা মোতায়েন করবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।’

তিনি বলেন, ‘আমাদের কেবল ভেনিজুয়েলার বিষয়টি সামাল দিতে হবে। তারা কারাগার থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে। আমাদের এখন সীমান্তে কঠোরতা রয়েছে, কেউ প্রবেশ করছে না। কিন্তু এক বছর আগে লাখ লাখ মানুষ আমাদের দেশে প্রবেশ করেছিল।’

ট্রাম্প আরো বলেন, ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তিনি মাদুরোর সাথে সরাসরি কথা বলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে নৌযানগুলোতে ধারাবাহিক হামলা চালিয়েছে।

ট্রাম্প প্রতিবেশী দেশগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, মাদকের প্রবাহ ব্যাহত করতে তিনি মেক্সিকো ও কলম্বিয়ার অভ্যন্তরে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি