এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

এই ছাঁটাইয়ের প্রভাব মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। অতিরিক্ত কর্মী নিয়োগের পর কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতে প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোনো প্রভাব পড়বে না। এই ছাঁটাইয়ের প্রভাব মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে।

ওই ল্যাবে দ্রুত জনবল বাড়াতে ওপেনএআই ও অ্যাপল-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতন প্যাকেজ দিয়ে নিয়োগ দেয়া হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এতে কোম্পানির প্রকল্পগুলোতে কোনো প্রভাব পড়বে না। এমনকি ছাঁটাই করা অনেক কর্মীকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে নিয়োগ করা হতে পারে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত নিয়োগের কারণে প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় জনবল বেড়ে গেছে। সেই চাপ কমাতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মেটা।

দুই সংবাদমাধ্যমই মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াংয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়েছে। বিবৃতিতে তিনি বলেছেন, ‘এখন থেকে সিদ্ধান্ত নিতে কম আলোচনার প্রয়োজন হবে।’

সূত্র : বাসস