তেহরানের সাথে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেয়ার পরও ট্রাম্প তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে দেয়ার পরও তিনি তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।

দেশটির সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে।

গত মাসে সরকারবিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের দমন-পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল রোববার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি ‘অভ্যুত্থান’-এর সাথে তুলনা করেন এবং সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামলা হলে, তা ব্যাপক সংঘাতের সূচনা করবে।

তিনি আরো বলেন, ‘আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।’

একই সাথে তিনি ইরানিদের উদ্দেশে বলেন, ট্রাম্পের বক্তব্যে তাদের ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই’।

খামেনি আরো বলেন, ‘তারা (দাঙ্গাকারীরা) পুলিশ, সরকারি কেন্দ্র, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং কুরআন পুড়িয়েছে। এটি ছিল একটি অভ্যুত্থানের মতো। সেই অভ্যুত্থান দমন করা হয়েছে।’

ইরানি নেতার সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প রোববার সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই তিনি এমনটাই বলবেন।’

তিনি আরো বলেন, ‘আশা করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাব। যদি চুক্তি না হয়, তাহলে দেখা যাবে কী হয়।’

ইরানে আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয়ের প্রতি অসন্তোষ থেকে সূচনা হওয়া বিক্ষোভ দ্রুত একটি ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

এই বিক্ষোভকে দেশটির নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে সৃষ্ট ‘দাঙ্গা’ বলে অভিহিত করেছেন।

সূত্র : বাসস