অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মিনেসোটার

অভিবাসন দমনে কঠোর অভিযানের প্রতিবাদে এবং মিনিয়াপোলিসে এক বিক্ষোভকারী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা রাজ্য।

নয়া দিগন্ত অনলাইন
অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন
অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন |সংগৃহীত

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল অ্যাজেন্টের গুলিতে এক নারী বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা নেয়ায় গতকাল সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মিনেসোটা রাজ্য।

মামলা দায়েরকারী মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন উত্তরাঞ্চলীয় রাজ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন কর্মকর্তাদের সংখ্যা বৃদ্ধি ‘আমাদের কম নিরাপদ করে তুলেছে।’

এলিসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজ্যের ফেডারেল সরকারের হাজার হাজার কম প্রশিক্ষিত, আগ্রাসী ও সশস্ত্র অ্যাজেন্ট আমাদের সম্প্রদায়ে ঢুকে পড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বৈচিত্র্য, আমাদের গণতন্ত্র এবং ফেডারেল সরকারের প্রতি মতপার্থক্যের কারণে মিনেসোটাকে লক্ষ্যবস্তু করা স্পষ্টভাবে সংবিধান ও ফেডারেল আইনের লঙ্ঘন।’

তিনি আরো বলেন, এটি মূলত একটি ফেডারেল আক্রমণ।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন দমনের জন্য মিনেসোটাকে লক্ষ্যবস্তু করছেন, কারণ এখানে ডেমোক্র্যাট নেতৃত্ব রয়েছে।

সূত্র : বাসস