যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫

গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে সিলভার লেক নামের নার্সিং হোমের একটি অংশ ধসে পড়ে।

নয়া দিগন্ত অনলাইন
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই রাজ্যের গভর্নর এ তথ্য জানিয়েছেন।

এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে সিলভার লেক নামের নার্সিং হোমের একটি অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষ আটকা পড়ে।

রাজ্যের গভর্নর জোশ শাপিরো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।’

ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো বলেন, দমকলকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন গ্যাসের তীব্র গন্ধ ছিল। বিস্ফোরণের ফলে ওই নার্সিং হোমের ব্যাপক ক্ষতি হয়, প্রথম তলার অংশ বেসমেন্টে ধসে পড়ে এবং এর ফলে অনেকেই আটকে পড়েন।’

তিনি আরো বলেন, জানালা-দরজা দিয়ে এবং সিঁড়ির ফাঁকে ও লিফটে আটকে থাকা বহু ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়। পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। ধবংসস্তুপ অপসারণ না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হবে।

সূত্র : বাসস