যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কমপক্ষে ১০ বছরের জন্য গাজা উপত্যকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটনকেন্দ্রে পরিণত করার বিষয়টি বিবেচনা করছে।
রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গাজার জন্য ট্রাম্প প্রশাসনের একটি যুদ্ধ-পরবর্তী পরিকল্পনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পরিকল্পনা গাজা উপত্যকাকে কমপক্ষে ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের অধীনে পরিচালিত একটি ট্রাস্টিশিপে পরিণত করবে। পরিকল্পনার আরেকটি লক্ষ্য হলো গাজাকে একটি পর্যটন রিসোর্ট ও হাইটেক শিল্পনগরীতে রূপান্তর করা।
৩৮ পাতার ওই প্রস্তাবনায় বলা হয়েছে, গাজার প্রায় ২০ লাখ মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেয়া হবে। কেউ চাইলে অন্য দেশে ‘স্বেচ্ছায়’ যেতে পারবেন, অথবা পুনর্গঠনের সময় গাজার ভেতরে বিশেষ নিরাপদ এলাকায় থাকতে পারবেন।
এছাড়াও গাজায় জমির মালিকদের ডিজিটাল টোকেন দেয়া হবে। এর বিনিময়ে তারা অন্য দেশে নতুন জীবন শুরু করতে পারেন অথবা ভবিষ্যতে গাজায় নির্মিত ছয় থেকে আটটি ‘স্মার্ট সিটিতে’ একটি ফ্ল্যাট পাবেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রস্তাবিত সংস্থার নাম রাখা হয়েছে ‘গাজা রিকনস্টিটিউশন, ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ট্রাস্ট’ বা গ্রেট ট্রাস্ট। এটি তৈরি করেছেন সেই একই ইসরাইলিরা, যারা এর আগে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গড়ে তুলেছিলেন।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প গাজার যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি বৈঠকের করেছিলেন। তবে হোয়াইট হাউজ বৈঠকের কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি।
সূত্র : এএফপি



