পূর্ব প্রশান্ত মহাসাগরের পানিসীমায় অবৈধ মাদক বহনের অভিযোগে তিনটি নৌযানে পৃথক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই হামলার কথা জানিয়েছেন। তিনি এই হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন।
তিনি আরো বলেন, ‘বিভাগটি অন্যের ভূমি রক্ষায় দুই দশকেরও বেশি সময় ব্যয় করেছে। এখন আমরা আমাদের নিজেদের রক্ষা করছি।’
কিন্তু সমালোচকরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করছেন।
তিনটি বিমান হামলাই সোমবার করা হয়েছিল বলে জানান হেগসেথ। একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র দুটি নৌকাকে পাশাপাশি ভাসমান অবস্থায় আঘাত করার পর নৌকা দুটি আগুনে পুড়ে যাচ্ছে।
প্রথম হামলার সময় দুটি নৌকায় আটজন মানুষ ছিল। দ্বিতীয় হামলা চারজনকে বহনকারী একটি ছোট নৌকাকে লক্ষ্য করে করা হয় এবং তৃতীয় হামলায় তিনজনকে বহনকারী আরেকটি নৌকায় আঘাত হানা হয়।
হেগসেথ উল্লেখ করেন, মেক্সিকান কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে নিহতদের কাউকেই শনাক্ত করা হয়নি এবং তাদের বিরুদ্ধে মাদক বহনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি।
সূত্র : আল জাজিরা



