মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় ৫টা ৩৫ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের ব্রিসাস বারা দে সুচিয়েটের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
মেক্সিকোর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি।
ইউএসজিএস তাদের পেজার সিস্টেমের অধীনে একটি সবুজ সতর্কতা জারি করেছে, যা ইঙ্গিত দেয় যে উল্লেখযোগ্য প্রাণহানি বা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা কম।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



