দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সাথে একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, তিনি ইন্দোনেশিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তি করেছেন। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ইন্দোনেশীয় পণ্যগলোতে ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা আগে ঘোষণা দেয়া ৩২ শতাংশ শুল্ক থেকে উল্লেখযোগ্যভাবে কম।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি, ৪.৫ বিলিয়ন ডলারের মার্কিন কৃষি পণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনতে সম্মত হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্টের শুল্ক এড়াতে দেশগুলো ওয়াশিংটনের সাথে বাণিজ্য আলোচনা করছে। সম্প্রতি বেশ কয়েকটি চুক্তির প্রতিশ্রুতি দেয়ার পর ট্রাম্প প্রশাসন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য চাপের মধ্যে রয়েছে। তবে ট্রাম্প এখন পর্যন্ত কেবল ব্রিটেন ও ভিয়েতনামের সাথে চুক্তিতে পৌঁছেছেন। পাশাপাশি চীনের সাথে সাময়িকভাব ‘যথাযথ’ শুল্ক কমানোর চুক্তিও করেছেন।
গত সপ্তাহে, ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। দেশটির নেতৃত্বকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, এটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে কথা বলার পর চূড়ান্ত হওয়া এই চুক্তির অধীনে উচ্চ শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্ট করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হবে। তবে মঙ্গলবার ঘোষিত নিম্ন শুল্ক স্তর ইন্দোনেশিয়ার জন্য কখন কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়।
মার্কিন প্রেসিডেন্ট আলাদাভাবে সাংবাদিকদের বলেন, ভারতসহ অন্যান্য দেশের সাথে চুক্তির কাজ চলছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র : এএফপি



