যুক্তরাষ্ট্রের সিনেটররা দেশের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে একটি তহবিল প্যাকেজ নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
রোববার (৯ নভেম্বর) একটি পদ্ধতিগত ভোটে প্রায় আটজন ডেমোক্রেট তাদের দলীয় অবস্থান থেকে সরে এসেছেন এবং ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পুনরায় চালু রাখতে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছেন।
দ্বিদলীয় চুক্তিটি আগামী বছরের জন্য খাদ্য সহায়তা এবং আইনসভাসহ সরকারের কিছু অংশের তহবিলও সরবরাহ করবে।
তবে এতে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় থাকা স্বাস্থ্যসেবা ভর্তুকির মেয়াদ বাড়ানোর নিশ্চয়তা নেই। এর পরিবর্তে ডিসেম্বর মাসের মধ্যে এ বিষয়ে ভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ভর্তুকিগুলো ছিল ডেমোক্রেটদের প্রধান দাবিগুলোর একটি।
সিনেটের অনুমোদনের পর বিলটি প্রতিনিধি পরিষদে পাস হতে হবে এবং এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পেলে তা আইনে পরিণত হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগতে পারে।
সূত্র : আল জাজিরা



