হান্টাভাইরাসে আক্রান্ত একটি ক্রুজ জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র। জাহাজটি বর্তমানে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে।
শুক্রবার (৮ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, জাহাজে থাকা মার্কিন যাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে একটি প্রত্যাবাসন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়, এ বিষয়ে তারা স্পেন সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যান্য ফেডারেল সংস্থার সাথেও সমন্বয় করে কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র আরো বলেন, জাহাজে থাকা মার্কিন নাগরিকদের সাথে আমরা সরাসরি যোগাযোগ রাখছি এবং জাহাজটি স্পেনের তেনেরিফে পৌঁছানোর সাথে সাথে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত আছি।
এর আগে জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, এমভি হন্ডিয়াস নামের জাহাজটিতে ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে মার্কিন যাত্রীর সংখ্যা নিশ্চিত করেনি।
জাহাজটিতে ইতোমধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি ও এক জার্মান নারীসহ তিনজন মারা গেছেন। এছাড়া আরো অনেকে এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন। সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে এই হান্টাভাইরাস ছড়ায়।
পরীক্ষায় আক্রান্তদের মধ্যে অ্যান্ডেস ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটি হান্টাভাইরাসের একমাত্র ধরন যা মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরো বেড়েছে।
জাহাজটি রোববার তেনেরিফে পৌঁছানোর কথা রয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, মার্কিন ক্রুজ যাত্রীদের প্রথমে নেব্রাস্কার ওমাহায় অফুট বিমানঘাঁটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে নেব্রাস্কা ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টারে একটি জাতীয় কোয়ারেন্টাইন কেন্দ্রে পাঠানো হবে।
সিডিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মুহূর্তে মার্কিন জনগণের জন্য ঝুঁকি অত্যন্ত কম।’
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নেব্রাস্কা মেডিসিন ও নেব্রাস্কা ইউনিভার্সিটির মেডিক্যাল সেন্টার জানিয়েছে, মার্কিন নাগরিকদের ফেডারেল অর্থায়নে পরিচালিত জাতীয় কোয়ারেন্টিন ইউনিটে পর্যবেক্ষণে রেখে চিকিৎসাসেবা দেয়া হবে।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, ‘এই মুহুর্তে পর্যবেক্ষণে থাকা ব্যক্তিরা সুস্থ আছেন এবং তাদের মধ্যে রোগের কোনো উপসর্গ দেখা যায়নি।’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ এপ্রিল ব্রিটেনের দূরবর্তী দ্বীপ সেন্ট হেলেনায় জাহাজটি নোঙর করার পর যুক্তরাষ্ট্রসহ কমপক্ষে ১২টি দেশের নাগরিক ইতোমধ্যে জাহাজটি ত্যাগ করেছেন।
সূত্র: বাসস



