ইরানের রাজধানী তেহরানসহ কৌশলগত আরো কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুব দেরি হওয়ার আগেই’ ইরানকে চুক্তিতে পৌঁছাতে চাপ দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের হাতে এখনো সময় রয়েছে চুক্তি করার।
শুক্রবার (১৩ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে এটি তাদের প্রত্যাশার চেয়েও অনেক খারাপ হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ও সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম তৈরি করে এবং ইসরাইলের কাছে এমন প্রচুর অস্ত্র রয়েছে, তারা জানে কিভাবে এসব অস্ত্র ব্যবহার করতে হয়।’
তিনি আরো বলেন, ‘কিছু ইরানি কট্টরপন্থী সাহসের সাথে কথা বলেছিলেন, কিন্তু তারা জানতেন না কী ঘটতে চলেছে। তারা সবাই নিহত হয়েছেন এবং পরিস্থিতি আরো খারাপ হবে। ইতোমধ্যেই প্রচুর মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। কিন্তু এখনো সময় আছে এ হত্যাকাণ্ডের অবসান ঘটানোর। পরবর্তী আক্রমণগুলো আরো নৃশংস হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ইরানকে চুক্তি করার বিষয়ে জোর দিয়ে বলেন, ‘সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়। খুব দেরি হওয়ার আগেই আপনার চুক্তি করুন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন!’
এদিকে ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরে নতুন করে ইসরাইলি হামলার খবর দিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম।



