মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি শুক্রবার (৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রয়্যাল ওয়েডিং বা রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়েতে ফ্যাশন ও বিনোদন জগতের বহু তারকা অংশ নেন। যুক্তরাষ্ট্রের এই ‘রাজকীয় বিয়ে’ ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহান্তে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং ব্যাপক গোপনীয়তা।
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা না দেয়ায় আরো বেশি কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়। খ্যাতনামা ম্যানহাটনের ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে তারা নাকি অতিথিদের গোপনীয়তা চুক্তি সই করতেও বাধ্য করেছিলেন বলে জানা গেছে।
তবে দীর্ঘদিনের নীরবতা ভেঙে শুক্রবার সন্ধ্যায় গায়িকার জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন অনুষ্ঠানের বিস্তারিত জানান।
তিনি বলেন, এটি ছিল অত্যন্ত বিলাসবহুল একটি বিয়ের অনুষ্ঠান। তবে ঠিক কবে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তা তিনি নির্দিষ্ট করে জানাননি।
ট্রি পেইন এক বিবৃতিতে বলেন, ‘টেইলর ও ট্রাভিসের বিয়েতে কোনো ঐতিহ্যবাহী ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। এর পরিবর্তে টেইলরের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ট্রাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ ছিলেন জেসন কেলসি।’
তিনি আরো বলেন, ‘এই অনুষ্ঠানে উভয় পরিবার একত্রিত হয়েছিল এবং বন্ধু অ্যাডাম স্যান্ডলার অনুষ্ঠানটি পরিচালনা করেন।’
পেইন বলেন, এই দম্পতির বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কউচার এবং জুতা তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিনা। টেইলর সুইফট পরেছিলেন কার্টিয়ার জুয়েলারি।
সূত্র: বাসস



