রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন, ‘ট্রাম্পের সাথে পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।’
ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামশাহরি অনলাইনের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে কথা বলেছেন।
রাশিয়ার বার্তাসংস্থা রিয়া নোভোস্তি জানিয়েছে, ইউরি উশাকভ রুশ ও মার্কিন প্রেসিডেন্টের এই ফোনালাপ সম্পর্কে বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন, ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া-ইউক্রেন-ইস্তাম্বুল চুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পুতিন ট্রাম্পকে বলেছেন, রাশিয়া এখনো ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পুতিন জোর দিয়ে বলেছেন, এই সংঘাতের মূল কারণগুলো দূর করতে রাশিয়া সব রকম তৎপরতা চালিয়ে যাবে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ আংশিকভাবে বন্ধের বিষয়টি নিয়ে এ সময় কোনো কথা হয়নি।’
উশাকভ আরো বলেন, ‘পুতিন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলচ্চিত্র বিনিময়ের বিষয় নিয়েও ট্রাম্পের সাথে আলোচনা করেন পুতিন।’
তিনি বলেন, ‘ট্রাম্পের সাথে আলাপচারিতায় রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, ইউক্রেনের সাথে ইস্তাম্বুলে তৃতীয় দফার আলোচনার জন্য মস্কো প্রস্তুত। তবে পুতিন ও ট্রাম্পের মধ্যে তৃতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে কথাবার্তা হয়নি।’
উশাকভ আরো বলেন, ‘এই ফোনালাপে পুতিন আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকার গঠনে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ট্রাম্পও পুতিনকে জানান যে, মার্কিন সিনেট সফলভাবে ট্যাক্স ও ইমিগ্রেশন সংস্কার সংক্রান্ত একটি বিল পাস করেছে।’
তিনি শেষে বলেন, ‘পুতিন ও ট্রাম্প ইরান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পুতিন ট্রাম্পকে বলেছেন, ইরানের সাম্প্রতিক ঘটনাবলী এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ সবকিছু্রই সমাধান কূটনৈতিকভাবেই করতে হবে।’



