কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি লিখেছেন, দুই সাম্রাজ্যের অধীনে উপনিবেশ ও নব্য-উপনিবেশ থাকার অর্থটা কিউবা খুব ভালোভাবেই জানে। তাই দেশটি সম্পূর্ণ সচেতন যে, তারা আর কখনো উপনিবেশে পরিণত হবে না।
দিয়াজ-কানেল আরো বলেন, কিউবার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের জন্য যে রক্ত ঝরেছে, তা কখনো বৃথা যাবে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসব অধিকার রক্ষায় লড়াই করে যাব।
তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট একটি বিতর্কিত ছবি প্রকাশ করেন। ওই ছবিতে মেক্সিকো, কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ক্যারিবীয় ও মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পতাকার রংয়ে দেখানো হয়।
সূত্র : পার্সটুডে



