জার্মানি থেকে ৫ হাজার সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সাথে ঝামেলার জেরে জার্মানি থেকে পাঁচ হাজার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

নয়া দিগন্ত অনলাইন
জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
জার্মানি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র |সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের সাথে ঝামেলার জেরে জার্মানি থেকে পাঁচ হাজার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের কাজ শেষ করা হবে।

মূলত চ্যান্সেলর মের্ৎসের এক মন্তব্যে কারণে এই পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মের্ৎস সম্প্রতি বলেছিলেন যে, ইরানের কূটনীতিকদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার অপদস্ত হচ্ছে এবং তেহরানের সাথে দরকষাকষিতে ওয়াশিংটনের আসলে কোনো সঠিক পরিকল্পনাই নেই।

এই কথার জবাবে ট্রাম্প বলেছেন যে, তিনি নিজের দেশ চালাতেই হিমশিম খাচ্ছেন এবং অভিবাসন ও জ্বালানি সঙ্কটে জার্মানি এখন কোণঠাসা।

ইরান ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মতভেদ এখন চরমে পৌঁছেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে নামার মার্কিন প্রস্তাবে সাড়া না দেয়ায় ন্যাটোর অন্য মিত্রদের ওপরও চটেছেন ট্রাম্প।

মের্ৎস দাবি করেছিলেন, মার্কিন প্রতিনিধিরা কোনো ফলাফল ছাড়াই বারবার ইসলামাবাদে দৌড়ঝাঁপ করছেন আর এতে পুরো জাতি লজ্জিত হচ্ছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মের্ৎস আসলে কী বলছেন তা তিনি নিজেও জানেন না এবং তার কারণেই জার্মানির অর্থনীতি ধুঁকছে। এমনকি জার্মানির পাশাপাশি ইতালি ও স্পেন থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা মার্কিন অভিযানে শামিল হতে চায় না বা দরকারে সাথে থাকে না, তাদের নিরাপত্তার দায়িত্ব নেয়ার কোনো মানে হয় না।

বর্তমানে জার্মানিতে প্রায় ৩৬ হাজার মার্কিন সেনা রয়েছেন এবং এই বিপুলসংখ্যক সেনা সরিয়ে নেয়ার ঘোষণা ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অস্থিরতা তৈরি করেছে।

সূত্র: বিবিসি