মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার রাতে হাঙ্গেরির উদ্দেশে রওনা হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদীয় নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের মিত্র জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন জানাতে ভ্যান্সের এই সফর বলে জানা গেছে।
ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ এয়ার ফোর্স ঘাঁটি থেকে রওনা হওয়ার আগে ভ্যান্স সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র-হাঙ্গেরি সম্পর্কসহ ইউরোপ ও ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা হবে।
তার কার্যালয় থেকে দেয়া এক বিবৃতি অনুসারে জানা গেছে, ভ্যান্স অরবানের সাথে বৈঠক করবেন এবং ‘যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির ‘দৃঢ় অংশীদারিত্ব’ নিয়ে বক্তব্যও দেবেন বলে আশা করা হচ্ছে।
৪১ বছর বয়সী ভ্যান্স মার্কিন প্রশাসনের মধ্যে ইউরোপের মধ্যপন্থী ও প্রগতিশীল সরকারগুলোর কড়া সমালোচক হিসেবে পরিচিত। একইসাথে তিনি ইউরোপের ডানপন্থী দলগুলোর শক্ত সমর্থক।
রোববারের নির্বাচনের আগে এই সফরকে অরবানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ৬২ বছর বয়সী অরবান টানা ১৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন এবং তাকে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার গোপন সহায়তা তার পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়িয়েছে।
অন্যদিকে, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ইউরোপপন্থী রক্ষণশীল পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন টিসা পার্টির বড় জয়ের সম্ভাবনা রয়েছে।
সূত্র : বাসস



