যুক্তরাষ্ট্রের আটলান্টায় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) সদর দফতরের পাশে বন্দুকধারীর গুলিতে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রীয় পতাকা
যুক্তরাষ্ট্রীয় পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) সদর দফতরের পাশে বন্দুকধারীর গুলিতে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন।

পুলিশের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিডিসির নিকটবর্তী স্থানে কয়েক রাউন্ড গুলি চালানো হলেও এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

আটলান্টা পুলিশ প্রধান ড্যারিন শিয়েরবাউম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ডি’কাল্ব কাউন্টি পুলিশের একজন সদস্যকে পড়ে থাকতে দেখেন।’

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরে জানা যায়, ওই পুলিশ সদস্য ডি’কাল্ব কাউন্টি পুলিশ বিভাগের ৩৩ বছর বয়সী ডেভিড রোজ। তার গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সিএনএন ও নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামলাকারী ব্যক্তিগত অসুস্থতার জন্য করোনাভাইরাসের টিকাকে দায়ী করে ক্ষোভ থেকে গুলি চালিয়েছেন। ওই ব্যক্তির বাবা গতকাল শুক্রবার সকালে পুলিশকে জানিয়েছেন, তার ছেলের মধ্যে আত্মহত্যা প্রবণতা রয়েছে।

পুলিশের ধারণা, হামলাকারী একাই ছিলেন। স্থানীয় একটি ফার্মেসির দ্বিতীয় তলা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে।

বন্দুক হামলার সময় সিডিসি ক্যাম্পাস থেকে ৯২ জন শিশুকে ডে কেয়ার থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর এসব শিশুদের তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়।

সূত্র : এএফপি/বাসস