কিউবার ওপর চাপ বাড়াতে সিআইএর গোপন টাস্কফোর্স

হাভানায় অর্থনৈতিক, রাজনৈতিক ও নেতৃত্বগত পরিবর্তনের জন্য ডোনাল্ড ট্রাম্পের চলমান প্রয়াসের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই বিশেষ ইউনিট।

নয়া দিগন্ত অনলাইন
হাভানার একটি সড়ক
হাভানার একটি সড়ক |সংগৃহীত

কিউবা সরকারের ওপর চাপ আরো বাড়াতে এবং দ্বীপরাষ্ট্রটিতে গোয়েন্দা তৎপরতা প্রসারিত করতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) গোপনে একটি 'কিউবা টাস্কফোর্স' গঠন করেছে।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। হাভানায় অর্থনৈতিক, রাজনৈতিক ও নেতৃত্বগত পরিবর্তনের জন্য ডোনাল্ড ট্রাম্পের চলমান প্রয়াসের অংশ হিসেবে তৈরি করা হয়েছে এই বিশেষ ইউনিট। এর মাধ্যমে সিআইএ খুব দ্রুত কিউবা অভিমুখে আরো বেশি আর্থিক, মানব ও কারিগরি সম্পদ পাঠাতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, এই টাস্কফোর্সে ইতোমধ্যে কেস অফিসার, গোয়েন্দা বিশ্লেষক, সাইবার বিশেষজ্ঞ এবং গোপন প্রভাব বিস্তার অভিযানে অভিজ্ঞ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা শুরু হয়েছে।

টাস্কফোর্সটির মূল কাজ হবে কিউবার রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর ভেতরে বিভেদ সৃষ্টি করা। মার্কিন প্রশাসনের আশা, এর ফলে যেসব কর্মকর্তাকে আমেরিকা-বিরোধী মনে করা হয়, তাদের সরিয়ে ট্রাম্পের দাবি মেনে নিতে রাজি—এমন নমনীয় নেতাদের ক্ষমতায় আনার পথ তৈরি হবে।

তবে পুরো বিষয়ে সিআইএ কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।