যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, মার্কিন শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (৪ জুন) থেকেই এ আদেশ কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
মঙ্গলবার ট্রাম্প তার এ পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশে বলা হয়েছে, উচ্চ শুল্ক আরোপ বিদেশী দেশগুলোর বিরুদ্ধে আরো কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে, যারা যুক্তরাষ্ট্রের বাজারে কম দামে অতিরিক্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম বিক্রি করে যাচ্ছে।
তবে নতুন আরোপিত শুল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাইরে রাখা হয়েছে। কারণ ট্রাম্পের শুল্ক আরোপের ৯০ দিনের বিরতির সময় যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষরকারী একমাত্র দেশ যুক্তরাজ্য। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি অনেকটাই অগ্রসর হয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি।
চলমান আলোচনার কারণেই ব্রিটেনের জন্য ইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক ২৫ শতাংশই রাখা হয়েছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে বাণিজ্যচুক্তির বিষয়টি যদি চূড়ান্ত না হয়, তবে অন্যান্য দেশের মতোই ব্রিটেনকেও ৫০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।



