যুক্তরাষ্ট্রের হাতে গ্রেফতার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির সাবেক শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে শনিবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ভেনিজুয়েলা। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ভেনিজুয়েলার অভিবাসন প্রশাসন এক বিবৃতিতে জানায়, কলম্বীয় নাগরিক অ্যালেক্স সাব যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বিষয়টি জনসমক্ষে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এসব অভিযোগের কারণে তাকে ভেনিজুয়েলা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কলম্বিয়ায় জন্ম নেয়া ব্যবসায়ী অ্যালেক্স সাব বামপন্থী নেতা হুগো শ্যাভেজের ১৯৯৯ থেকে ২০১৩ সালের শাসনের শেষ দিকে ভেনিজুয়েলা সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি নিকোলাস মাদুরোর সরকারের একটি বড় আমদানি নেটওয়ার্ক পরিচালনা করেন।
তার বিরুদ্ধে মাদুরো ও তার সরকারের হয়ে মধ্যস্থতাকারী এবং অর্থপাচারকারী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। মাদুরো সরকারের পক্ষে কাজ করার বিনিময়ে তাকে ভেনিজুয়েলার নাগরিকত্ব ও একটি কূটনৈতিক পাসপোর্ট দেয়া হয়েছিল।
অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ২০২০ সালে কেপ ভার্দেতে প্রথমবার গ্রেফতার হন অ্যালেক্স সাব। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
সূত্র : বাসস



