মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৩ ডিসেম্বর) ভারী অস্ত্রসজ্জিত নতুন যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। নতুন এ যুদ্ধজাহাজের নামকরণ হবে তার নামে।
ট্রাম্প বলেছেন, প্রাথমিকভাবে ট্রাম্প-শ্রেণীর দু’টি যুদ্ধজাহাজ তৈরি করা হবে। তবে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। নতুন যুদ্ধজাহাজগুলো হবে ‘যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে প্রাণঘাতী জাহাজগুলোর অন্যতম’ এবং ’আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ’।
ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজ বাসভবনে ট্রাম্প এ ঘোষণা দেন। এ সময় তার পাশে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও নৌবাহিনী সচিব জন ফেলান।
যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী বেইজিংকে টেক্কা দিতে করা হচ্ছে কি না জানতে চাইলে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, ‘শুধু চীনকে নয়, এটা সবাইকে প্রতিরোধ করবে। আমরা চীনের সাথে চমৎকার সম্পর্ক রাখছি।’
তিনি বলেন, জাহাজগুলোর ওজন ৩০ হাজার থেকে ৪০ হাজার টনের মধ্যে হবে। এগুলোতে ক্ষেপণাস্ত্র ও বন্দুকের পাশাপাশি এমন অস্ত্র থাকবে, যা এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। যেমন লেজার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এসব যুদ্ধজাহাজের পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা থাকবে বলেও জানান তিনি। যুদ্ধজাহাজগুলো মূলত সমুদ্র থেকে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে।
ট্রাম্প-শ্রেণীর জাহাজগুলো বিদ্যমান মার্কিন ডেস্ট্রয়ার ও ক্রুজারগুলোর তুলনায় যথেষ্ট বড় হবে। তবে ট্রাম্প সেগুলোর যে আনুমানিক ওজন জানিয়েছেন সে অনুযায়ী সেগুলো যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধজাহাজের (আইওয়া–শ্রেণি) চেয়ে আকারে কিছুটা ছোট হবে।
সূত্র : এএফপি



