মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

এ চুক্তিকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

তিন বন্ধুপ্রতীম দেশ তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' সই হয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার দেয়া এক বার্তায় তিনি জানান, মধ্যপ্রাচ্যের সুরক্ষায় এটি অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (১৭ আগস্ট) জানায়, চুক্তিটিকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, 'সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান অবশেষে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত।' তিনি আরো উল্লেখ করেন, এ চুক্তি প্রমাণ করে কীভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হচ্ছে এবং সামনের দিনগুলোতে নিজেদের রক্ষা করতে কীভাবে তারা আরো অর্থবহ ভূমিকা রাখতে সক্ষম হবে।

উদ্যোগটির ভূয়সী প্রশংসা করে তিন দেশের শীর্ষ নেতৃত্বের প্রতি অভিনন্দন জানান ট্রাম্প। একই সাথে ঐতিহাসিক এই পদক্ষেপকে স্মরণীয় হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, 'এটি একটি বড়, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ — সত্যিই অসাধারণ!'