গ্রিনল্যান্ডে একটি বৃহত্তর মার্কিন কনস্যুলেট উদ্বোধনের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মে) দেশটির রাজধানীতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে বিক্ষোভকারীদের ‘গো হোম ইউএসএ’ স্লোগান দিতে দেখা গেছে।
কেন্দ্রীয় নুকে নবনির্মিত কূটনৈতিক কেন্দ্রে সম্প্রসারণ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ‘আমরা তোমাদের অর্থ চাই না’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা।
ডেনমার্ক রাজ্যের অধীনস্থ একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত উপস্থিতি সম্প্রসারণের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই উন্নত কনস্যুলেটটি খোলা হয়েছে। আর্কটিক এ দ্বীপটির প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত আগ্রহের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ওয়াশিংটনের সাথে সম্পর্ক এখনো উত্তপ্ত থাকায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিয়েলসেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আরো বেশ কয়েকজন কর্মকর্তাও এই অনুষ্ঠানে যাননি। আইনপ্রণেতারাও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে কনস্যুলেটের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন।
ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন হাওয়েরি বলেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসীকেই নির্ধারণ করতে হবে।
এসব আশ্বাস সত্ত্বেও এই কনস্যুলেট উদ্বোধন দ্বীপটিতে বর্ধিত মার্কিন উপস্থিতি নিয়ে ক্রমবর্ধমান জনবিরোধিতা এবং রাজনৈতিক অস্বস্তিকে সামনে এনেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



