প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় নিহত ৬

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি বোটে মার্কিন হামলায় ছয়জন নিহত হয়েছেন; তবে যুক্তরাষ্ট্র এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত বলে সন্দেহে একটি বোটে যুক্তরাষ্ট্রের হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ওয়াশিংটনের দাবি, বোটটি মাদক পাচারকারীদের পরিচালিত ছিল।

তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান এক্সে দেয়া পোস্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

তবে এসব হামলা নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, লাতিন আমেরিকায় সক্রিয় যাদের তারা ‘নার্কো-সন্ত্রাসী’ বলে উল্লেখ করছে, তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ চলছে।

গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক আনা নৌকাগুলো খুঁজে বের করার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সূত্র : বাসস