মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত

বোয়েভ এমন হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন, যা মার্কিন নাগরিক, আমাদের বন্ধু দেশ ও বেসামরিক জনগণের জন্য বিপদ হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত
মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএস কর্মকর্তা নিহত |সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার ঘোষণা করেছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় সাম্প্রতিক এক বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যাম এক্স-এর এক পোস্টে বলেছে, ‘তাদের বাহিনী ‘উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি নির্ভুল বিমান হামলা চালিয়ে সিরিয়া-ভিত্তিক আইএসআইএস বা আইএসের কর্মকর্তা রাখিম বোয়েভকে হত্যা করেছে।’

পোস্টে আরো বলা হয়েছে, বোয়েভ এমন হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন, যা মার্কিন নাগরিক, আমাদের বন্ধু দেশ ও বেসামরিক জনগণের জন্য বিপদ হতে পারে।

পোস্টে সংযুক্ত থাকা ছবিতে দেখা গেছে একটি গাড়ির জানালা ও ছাদ ভেঙে ফেলা হয়েছে।

এএফপি আগেই জানিয়েছিল, মঙ্গলবার আলাদা আলাদা ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন। হামলা দু’টি হয়েছিল একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের ওপর। এই ঘটনা ঘটেছে সিরিয়ার উত্তরে, যেখানে ইসলামি প্রাক্তন বিদ্রোহীরা এখন সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

সেন্টকম ঘটনাগুলির সাথে সম্পর্কিত কি না তা নিশ্চিত করার জন্য কল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়া হয়নি।

ইদলিব অঞ্চলে জোড়া ড্রোন হামলা মার্কিন নেতৃত্বাধীন জোটের অতীতে জিহাদিদের ওপর হামলার প্রতিফলন।

গত মাসে রিয়াদে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার আহমেদ আল-শারাকে আইএসের পুনরুত্থান রোধে ওয়াশিংটনকে সহায়তা করার আহ্বান জানান। সূত্র : বাসস