মেক্সিকোতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, শনিবার নগরীর বিভিন্ন হাসপাতালে এই ঘটনায় আহত ৪০ জনকে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

মেক্সিকো সিটিতে সপ্তাহের মাঝামাঝি সময়ে একটি গ্যাস বহনকারী ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার ঘনবসতিপূর্ণ জেলা ইজতাপালাপাতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাকের হঠাৎ বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হন। প্রাথমিক প্রতিবেদনে তিনজনের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়।

পরে নিহতের সংখ্যা আরো বাড়ে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে, শনিবার নগরীর বিভিন্ন হাসপাতালে এই ঘটনায় আহত ৪০ জনকে এখনো চিকিৎসা দেয়া হচ্ছে।

তদন্তকারীরা বলছেন, দুর্ঘটনাটি সম্ভবত ট্রাকটি খুব দ্রুত চালানোর কারণেই ঘটেছে এবং কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে এ বিস্ফোরণ ঘটে।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ৯২ লাখ বাসিন্দার নগরীর মধ্য দিয়ে যাতায়াতকারী জ্বালানিবাহী ট্রাকগুলোর ওপর নতুন নিয়ম আরোপ করার চেষ্টা করবে তার সরকার।

সূত্র : বাসস