ইরানের ওপর হামলা স্থগিত রাখতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস জানিয়েছে, টানা ১৩ দিন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর হামলার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, যুদ্ধ আরো তীব্র হলে তা ‘মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই হ্রাস পাওয়া প্যাট্রিয়ট অ্যান্টিমিসাইল ইন্টারসেপ্টর এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা অস্ত্রের মজুদকে বিপজ্জনকভাবে নিঃশেষ করে দিতে পারে’- এমন উদ্বেগের মধ্যেই প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত এসেছে।
গণমাধ্যমটি আরো জানায়, শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প, তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে বৈঠক হয়। এরপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত দু’জন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, হামলা বন্ধ করার ট্রাম্পের এই নির্দেশ এককালীন নাকি এই বিরতি অব্যাহত থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
গণমাধ্যমটি জানায়, ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘কূটনীতির জন্য আরো সুযোগ দেয়ার তার সদিচ্ছা এবং এই স্বীকৃতি উভয়কেই প্রতিফলিত করছে। বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া—মার্কিন হামলার বর্তমান পর্যায় তার কার্যকারিতার শেষ সীমায় পৌঁছে গেছে’।
তবে সূত্রগুলোর দাবি, প্রয়োজনে আবারো বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে।
সূত্র: আল জাজিরা



